আফগানিস্তানের জুযজান প্রদেশে তালেবান অবস্থানগুলোতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শনিবার) রাতে এ হামলা চালানো হয়।
জুযজান প্রদেশ থেকে নির্বাচিত আফগান সংসদ সদস্য হালিমা সাদাফ জানিয়েছেন, প্রদেশের কেন্দ্রীয় শহর শাবারগানে তালেবান অবস্থানগুলোতে হামলা চালানো হয়। শনিবারই দিনের মাঝামাঝি সময়ে তালেবানের হাতে জুযজান প্রদেশের কেন্দ্রীয় শহরটির পতন হয়।
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী- সেন্টকমের মুখপাত্র কর্নেল নিকোল ফ্রেরা বলেছেন, মার্কিন সেনারা গত কয়েকদিনে তাদের আফগান শরিকদের সমর্থনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। তবে কোন ধরনের বিমান ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে তা তিনি স্পষ্ট করেননি।
হালিমা সাদাফ দাবি করেছেন, তালেবান অস্ত্রধারীরা যখন শাবারগান শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রসস্ত্র সংগ্রহ করছিল তখন তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে প্রায় ১০০ তালেবান নিহত হয়।

